মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে নতুন সমীকরণ, মেয়র পদে প্রার্থী মাসুদ রানা

এপ্রিল,১৯,২০২৬

আবু হানিফ রানা:

 

আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও যুবদল নেতা মাসুদ রানা। তার প্রার্থিতাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাসুদ রানা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৮ সালে ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তীতে কলেজ ও শহর ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন শেষে তিনি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে জেলা যুবদলের রাজনীতিতে যুক্ত হয়ে সহ-সভাপতি এবং ২০২২ সালে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যা পরবর্তীতে নিষ্পত্তি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সক্রিয় ও তৃণমূলমুখী নেতা হিসেবে পরিচিত।

পারিবারিক পটভূমিও তার রাজনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি একটি রাজনৈতিকভাবে পরিচিত পরিবারে বেড়ে উঠেছেন। তার পরিবারের সদস্যদের মধ্যে মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক মাস্টার, শহর বিএনপির নেতা ভিপি শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম গুলজার হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল হাজীসহ একাধিক ব্যক্তি স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত।

তবে সংশ্লিষ্টরা বলছেন, পারিবারিক পরিচয়ের বাইরে নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ড ও তৃণমূল পর্যায়ের সম্পৃক্ততার মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। করোনা মহামারির সময় ব্যক্তিগত উদ্যোগে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেন তিনি। এছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনসেবামূলক কাজ করে আসছেন।

ক্রীড়াঙ্গনেও তার পরিচিতি রয়েছে। তিনি মুন্সীগঞ্জ জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলেছেন। পাশাপাশি বয়সভিত্তিক দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে সংযোগ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাকে নির্বাচনে একটি সম্ভাবনাময় প্রার্থী হিসেবে তুলে ধরতে পারে। তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে দলীয় সিদ্ধান্ত, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবস্থান এবং ভোটারদের প্রত্যাশার ওপর।

মাসুদ রানা বলেন- আমি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা করার চাইতে বেশী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পৌরসভার মানুষ কি চায়?  মানুষের যেকোন চাওয়ার প্রতি আমি শ্রদ্ধাশীল।তবে নিজেকে মেয়র হিসেবে ঘোষনা দেবার সময় এখনো আসেনি।আমার ব্যক্তিগত ইচ্ছের চাইতে বেশী গুরুত্বপূর্ণ সকলের ইচ্ছা কি সেটা।আর সেই ইচ্ছের প্রতিফলনই ঘটুক যা সকলের চাওয়া।

আমি এই শহরকে আমার বাড়ী মনে করি এবং এই শহরের মানুষরা আমার পরিবার।আমি ঘৃনা বা ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়ে সবাইকে জয় করতে চাই।

মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই প্রার্থিতা নির্বাচনী লড়াইকে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *