মহররম উপলক্ষে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

জুন ২৩, ২০২৬,

নিজস্ব প্রতিবেদক

আশুরা উপলক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে অস্ত্র বহন, আতশবাজি প্রদর্শন এবং পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজিয়া মিছিলে অংশগ্রহণের সময় কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁটা, বর্শা, বল্লম, তরবারি ও লাঠির মতো বিভিন্ন অস্ত্র বা অস্ত্রসদৃশ সামগ্রী বহন করে থাকেন। এসব কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াতে পারে।

এছাড়া মহররম উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর প্রচলন থাকলেও তা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের অস্ত্র বা অস্ত্রসদৃশ বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *