মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

সেপ্টেম্বর,০৮,২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০.০০টায় জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আব্দুল আলীম, প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য “Literacy for people, the planet and prosperity” “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”। প্রতিপাদ্যে সাক্ষরতাকে শুধু পড়া, লেখা ও গণনার সক্ষমতা হিসেবে নয়; বরং তথ্য বিশ্লেষণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা, ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার, জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনের অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় এনে সাক্ষরতার পাশাপাশি জীবনদক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা জরুরি। বর্তমানে দেশের ৫৮টি জেলার ৭০টির বেশি উপজেলায় ১৫–২৪ বছর বয়সী ঝরে পড়া কিশোর-কিশোরীদের জন্য কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া বিদ্যালয়বহির্ভূত শিশুদের জন্য Alternative Learning Opportunity (ALO) এবং দক্ষতাভিত্তিক সাক্ষরতার জন্য SKILFO (Skill Focused Literacy for Out of School Adolescent) কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে দেশের ৬৪ জেলার ৬৪টি উপজেলায় ALO কার্যক্রমের মাধ্যমে ১০–১৪ বছর বয়সী ১৯,২০০ জন বিদ্যালয়বহির্ভূত শিশু-কিশোরকে মৌলিক শিক্ষা এবং ১৫–২৪ বছর বয়সী আরও ১৯,২০০ জন তরুণকে জীবনমুখী দক্ষতা প্রদানের পরিকল্পনা রয়েছে।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় একটি সাক্ষর, দক্ষ, মানবিক, পরিবেশ-সচেতন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা ও দক্ষতার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *