চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

চাঁদপুর প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

ভোর হওয়ার সাথে সাথেই শহরের মুক্তিযোদ্ধা সড়কের ‘অঙ্গীকার’ স্মৃতিস্তম্ভ সংলগ্ন এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর ‘অঙ্গীকার’ পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের প্রশাসক এবং নৌ-পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান শ্রদ্ধা জানান। পরবর্তীতে সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও চিত্তাকর্ষক ডিসপ্লে প্রদর্শিত হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *