মুন্সীগঞ্জে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ: ভোগান্তিতে এলাকাবাসী

আগস্ট ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের সিহাহীপাড়া-দিঘিরপাড় সড়কের পাশে অবস্থিত আলোচিত আলদী বাজারে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্য সামছুদ্দিন হালদারের বিরুদ্ধে। এতে বাজারের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, ভাড়াটিয়া এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগে বলা হয়, বাজারের মূল প্রবেশপথটি মাছবাজার হয়ে মার্কেটের ভেতর দিয়ে আলদী-মাকহাটি সড়কের সঙ্গে সংযুক্ত ছিল। সম্প্রতি ওই সরকারি রাস্তায় সিঁড়ি নির্মাণ করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া, আলদী মৌজার আরএস খতিয়ান নং ৩৭৯-এর ১২১৫৪ ও ১২৫৭ দাগভুক্ত জমির মালিক জুয়েল দেওয়ান অভিযোগ করেন, তার পৈতৃক সম্পত্তির ওপর ভবন নির্মাণ করে মার্কেট গড়ে তোলা হয়েছে এবং সেখানে বিভিন্ন দোকান, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তার জমির একটি অংশ দখল করে সেখানে ময়লা ফেলার স্থানও তৈরি করা হয়েছে।

জুয়েল দেওয়ান জানান, সরকারি রাস্তা উন্মুক্ত করে জনসাধারণের চলাচল নিশ্চিত করার দাবিতে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এবং টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাননি বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, রাস্তা খুলে দেওয়ার দাবি জানানোয় তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কে-শিমুলিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামরুন নাহার বলেন, “আমি নতুন যোগদান করেছি। আগের কর্মকর্তা এ বিষয়ে কোনো অভিযোগ পেয়েছিলেন কি না, তা জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে সরেজমিনে তদন্ত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।”

এ বিষয়ে অভিযুক্ত সামছুদ্দিন হালদারের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *