আগস্ট,২৬,২০২৬
রুনা লায়লা:
গত ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সীগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্টেডিয়াম প্রাঙ্গণে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান মহোদয়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপপরিচালক, স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং খেলা উপভোগ করতে আসা সর্বস্তরের বিপুলসংখ্যক দর্শক।
ফাইনাল খেলায় মুন্সীগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলা দল মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলে লৌহজং উপজেলাকে পরাজিত করে এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে লৌহজং উপজেলা দল।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে মুন্সীগঞ্জের স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
www.bbcsangbad24.com



