সেপ্টেম্বর,০৯,২০২৬
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফায়ারিং অনুশীলন চলছিল। অনুশীলনের একপর্যায়ে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিক মারা যান এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই আহত কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাঁর আঘাতের গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সার্বিক পরিস্থিতি অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি; তদন্ত সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
www.bbcsangbad24.com


