শাসক নয়, পৌরবাসীর সেবক হতে চাই’—মিরকাদিমে মেয়র প্রার্থী বিপ্লব মাহমুদ

অক্টোবর,০১,২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মিরকাদিম পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা বিএনপির সদস্য বিপ্লব মাহমুদ। নির্বাচনী প্রচারণায় তিনি পৌরবাসীর উদ্দেশে বলছেন, ‘শাসক নই, আপনাদের সেবক হতে চাই।’

বিপ্লব মাহমুদের রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা জানা যায়। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

মিরকাদিম পৌরসভাকে ঘিরে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। দলীয় সমর্থনের পাশাপাশি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বিপ্লব মাহমুদ বলেন, ‘আমি আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনে দলীয় সমর্থন ও জনগণের ভালোবাসা নিয়ে, ইনশাআল্লাহ, মেয়র পদে নির্বাচন করতে চাই। আমি শাসক হতে চাই না, পৌরবাসীর সেবক হয়ে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, নির্বাচিত হলে পৌরবাসীর প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবেন।
মিরকাদিম পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র পদে একাধিক প্রার্থীর তৎপরতায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিপ্লব মাহমুদের প্রার্থিতাও স্থানীয় নেতাকর্মী ও পৌরবাসীর মধ্যে আলোচনায় এসেছে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *