অক্টোবর,০৯,২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর থানা থেকে ছাড়িয়ে নিতে তদবিরের অভিযোগ উঠেছে চিত্রকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে উজ্জ্বল দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি তাঁর প্রতিবেশী চাচা হওয়ায় তিনি তাঁকে দেখতে তদন্তকেন্দ্রে গিয়েছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সুলতান বেপারী (৪৮)। তিনি সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে সুলতান বেপারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে, গ্রেপ্তারের পর তাঁকে থানা থেকে ছাড়িয়ে নিতে শহীদুল ইসলাম উজ্জ্বলের তদবিরের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উজ্জ্বল বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়। সুলতান বেপারী আমার প্রতিবেশী চাচা। তাঁকে দেখতে আমি শেখরনগর তদন্তকেন্দ্রে গিয়েছিলাম।
শেখরনগর তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার ঘোষ বলেন, সুলতান বেপারী আওয়ামী লীগের সক্রিয় সদস্য হওয়ায় চলমান বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, ফ্যাসিবাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। যদি আমাদের কোন নেতাকর্মী তাদের ছাড়াতে তদবির করে এবং তা প্রমাণিত হয়। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।
www.bbcsangbad24.com



