অক্টোবর,১০,২০২৬
আবু হানিফ রানা:
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলেরবীল গ্রামের পুকুরপাড় সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটির একাংশ বড় দিঘির পাড় ভেঙে পুকুরে নেমে যাওয়ায় চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় সড়কটি সংস্কারের পাশাপাশি পুকুরপাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি মীরকাদিম পৌরসভা, রামপাল ইউনিয়ন ও পঞ্চসার ইউনিয়নের সংযোগস্থল এলাকায় অবস্থিত। মীরকাদিম হয়ে বানিয়াড়ি দিয়ে সড়কটি হাইওয়ের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন যানবাহন চলাচলের ক্ষেত্রেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সরেজমিনে দেখা যায়, তেলেরবীল পুকুরপাড়ের বড় দিঘির একাংশ ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে। পুকুরপাড়ে প্রয়োজনীয় গাইডওয়াল না থাকায় সড়কের ওই অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে সড়কের আরও অংশ ভেঙে পড়তে পারে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও মীরকাদিম পৌর যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা বলেন, “সড়কটি মেরামত করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সিপাহিপাড়া মোড়ে যানজট সৃষ্টি হলে অনেক ভারী যানবাহন বিকল্প পথ হিসেবে এই সড়ক দিয়ে চলাচল করে। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি আশা করি, আমাদের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এলাকার উন্নয়নের ধারাবাহিকতায় এই সড়কটির প্রতিও সুদৃষ্টি দেবেন। তাঁর সহযোগিতা পাওয়া গেলে সড়কটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করার পাশাপাশি পুকুরপাড়ে গাইডওয়াল নির্মাণ করা সম্ভব হবে। এ বিষয়ে তাঁর মানবিক সহযোগিতা কামনা করছি।”
স্থানীয়দের দাবি, সড়কটির গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত সংস্কারকাজ শুরু করা এবং পুকুরপাড়ে টেকসই গাইডওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। এতে সড়কটির স্থায়িত্ব বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।
www.bbcsangbad24.com



