মিরকাদিম পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ

অক্টোবর,১০,২০২৬

আবু হানিফ রানা:

আজ ১০ অক্টোবর (শনিবার) বেলা ১১: টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মিরকাদিম পৌরসভার সহযোগিতায় “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট ও তিলার্দি চর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান মহোদয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মারজানা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনীতিবিদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

অভিযানকালে রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে মশক নিধনের কীটনাশক ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলসহ জেলার সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করা হচ্ছে। ডেঙ্গু আক্রান্তের হটস্পটগুলো চিহ্নিত করে সেসব এলাকায় জরুরিভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্যে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হওয়া তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *