অক্টোবর,১৫,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল হাইয়ের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৪টায় দ্বিতীয়, সন্ধ্যার পর মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে তৃতীয় জানাজা এবং রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মুন্সীগঞ্জের মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠা এই নেতার মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল হাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। তাঁর বাবা মনির উদ্দিন ছিলেন ব্যবসায়ী। স্ত্রী জামিলা খাতুন, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তাঁর পারিবারিক জীবন। তাঁর বড় ভাই মহিউদ্দিন আহমেদও জেলা বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বিএ পাস করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার সংগ্রামেও অবদান রাখেন এই বীর মুক্তিযোদ্ধা।
১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ঢাকা-৮ ও মুন্সিগঞ্জ-৪ আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।
মুন্সীগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই প্রবীণ নেতার মৃত্যুতে তাঁর রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
www.bbcsangbad24.com



