অক্টোবর,২৪,২০২৬
বিবিসি সংবাদ ডেস্ক:
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাসের সুপারভাইজার, হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার কাছাকাছি ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে আসা দর্শনা এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৫২৬৫) হাঁসাড়া হাইওয়ে থানার সন্নিকটে পৌঁছালে চলন্ত একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-উ ১৪-৩৭৬৩) সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের সুপারভাইজার, হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত ১৬ জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ, শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। এ সময় তিনি দুর্ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চালকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।
সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর ওপর গুরুত্বারোপ করেছে পুলিশ।
www.bbcsabad24.com



