অক্টোবর,২৮,২০২৬
নিজস্ব প্রতিবেদক
আজ ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি রোড শো অনুষ্ঠিত হয়। রোড শো শেষে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, পিপিএম, নির্বাহী প্রকৌশলী (সওজ), সড়ক বিভাগ, মাসুদ মাহমুদ সুমন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপু,,নিরাপদ সড়ক মুন্সীগঞ্জ জেলা কমিটির সদস্য এডভোকেট কে. এম সাইফুল্লাহ ভুইয়া, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সড়ক পরিবহন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং নিরাপদ সড়ক চাই, মুন্সীগঞ্জ শাখা এর সভাপতি ও সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, সড়ক দুর্ঘটনা কেবল একটি প্রাণহানি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ ও জীবিকা। অনেক ক্ষেত্রে একজন মানুষের ওপর পুরো পরিবার নির্ভরশীল থাকে। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দুর্ঘটনার কারণ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরসমূহ—ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের কাছ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, গত সাত মাসে ঢাকা মাওয়া সড়কে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার পেছনে বেপরোয়া ওভারটেকিং, অতিরিক্ত গতি, চালকের
ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোসহ বিভিন্ন কারণ রয়েছে। সাম্প্রতিক একটি দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, চালকের অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে বহু মানুষ গুরুতর আহত ও প্রাণহানির শিকার হয়েছেন। তিনি সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ করা এবং সম্মিলিতভাবে সড়ক নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি চালক, মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারী—সবার দৃষ্টিভঙ্গি ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
আলোচনায় চালকদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা, ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করা এবং ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্ধারিত বাস বে ব্যবহার এবং নিরাপদ স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করার আহ্বান জানান হয়।
আলোচনা সভা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে ৪ জন পেশাদার গাড়ি চালক যারা এখনও পর্যন্ত কোন সড়ক দুর্ঘটনা ঘটান নি তাদেরকে পুরষ্কার প্রদান করা হয়।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা কোনো একক দপ্তরের পক্ষে সম্ভব নয়। সড়ক ও জনপথ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বিআরটিএ ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ জনগণ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
www.bbcsangbad24.com


