নভেম্বর,২১,২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় একটি টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, আজ সকাল ৯টা ৫৮ মিনিটের সময় মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় মোঃ বিপ্লবের ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে আগুনে ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মোঃ বিপ্লব ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং বাড়ির মালিক মোঃ রাজু আহমেদ।
যেকোনো অগ্নি দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সেবা পেতে জরুরি হটলাইন নম্বর ১০২-এ কল করার জন্য সকলকে অনুরোধ করেন উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
www.bbcsangbad24.com


