পদত্যাগ করছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার

৩ মার্চ, ২০২৬,

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংস্থাটির দুই কমিশনার- মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় তিনি যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবদুল মোমেন চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

২০২৪ সালের ১০ ডিসেম্বর তাকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে দুর্নীতিবিরোধী সংস্থাটির দুই কমিশনারও নিয়োগ দেওয়া হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে আবদুল মোমেনের কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করে। এক বক্তব্যে তিনি দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানান।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *