মুন্সীগঞ্জ কারাগারে ঈদ উপহার ‘উধাও’ : পাঁচ পাঞ্জাবি নিয়ে চাঞ্চল্য, দায়িত্বে অবহেলায় পদচ্যুত ক্যান্টিন ম্যানেজার

মার্চ ৩১,২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা কারাগারে ঈদ উপলক্ষে পাঠানো পাঁচটি পাঞ্জাবি নির্দিষ্ট বন্দিদের কাছে না পৌঁছানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কারা প্রশাসনের ভেতরে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে।

জানা যায়, বজ্রযোগিনী ইউনিয়নের সাইফুল ইসলাম কারাগারে আটক আওয়ামী লীগের পাঁচজন নেতার জন্য ঈদ উপহার হিসেবে পাঁচটি পাঞ্জাবি পাঠান। কারা ক্যান্টিন ম্যানেজার মোকলেসুর রহমান এসব পাঞ্জাবি গ্রহণ করে বুকিং সম্পন্ন করেন।

পরবর্তীতে সাইফুল ইসলাম জানতে পারেন, তার পাঠানো উপহার সংশ্লিষ্ট বন্দিরা এখনো পাননি। বিষয়টি নিয়ে ক্যান্টিন ম্যানেজার মোকলেসুর রহমানের সঙ্গে আলাপ করলে তিনি জানান, ভ্যানগাড়িতে অন্যান্য মালামালের সঙ্গে পাঞ্জাবির প্যাকেটগুলো রাখা হয়েছিল। তবে কেন সেগুলো বন্দিদের কাছে পৌঁছেনি, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি পাঞ্জাবির অর্থ ফেরত দেওয়ার কথা জানান। এরপর আবার দাবি করেন, পাঞ্জাবিগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এবং তা সংশ্লিষ্ট বন্দিদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো কোনো পাঞ্জাবি পাননি।

এ বিষয়ে কারা সুপার মোহাম্মদ এনায়েত সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে মোকলেসুর রহমানকে কার্যালয়ে ডেকে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মোকলেসুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে ক্যান্টিন ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে সাধারণ ডিউটিতে সংযুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘিরে কারাগার অভ্যন্তরে উপহার সামগ্রী ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সাথে ঘটে যাওয়া ঘটনার খবর জানতে বিবিসি সংবাদে চোখ রাখুন।

www.bbcsangbad24.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *