পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান : আইজিপি

জুলাই,১৬,২০২৬

নিজস্ব প্রতিবেদক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

আইজিপি বৃহস্পতিবার, ১৬ জুলাই সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় একাডেমীর প্রিন্সিপাল জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। বর্ণিল ও মনোমুগ্ধকর কুচকাওয়াজে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। তিনি ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, সেবা নিতে আসা কোন মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকতে হবে। তিনি দ্রুত পরিবর্তনশীল অপরাধ প্রবণতা, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- এ আদর্শ ধারণ করে দেশসেবার মহান ব্রতে আত্মনিয়োগের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান বেস্ট ক্যাডেট, ক্যাডেট সাব-ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম বেস্ট একাডেমিক, ক্যাডেট সাব-ইন্সপেক্টর তৌকির আহমেদ বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস, ক্যাডেট সাব-ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বেস্ট সুইমার এবং ক্যাডেট সাব-ইন্সপেক্টর মোঃ কামরান শেখ বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেছেন।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সম্পন্নকারী সাব-ইন্সপেক্টরদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *