আগস্ট,২৫,২০২৬
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল, গোয়েন্দা নজরদারি ও সাইবার পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দিবসটি নির্বিঘ্নে উদযাপনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম প্রস্তুতি হিসেবে বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে। স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদেরও নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
র্যাব জানায়, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল বা সন্দেহভাজন ব্যক্তি কিংবা গোষ্ঠী যাতে হামলা, নাশকতা বা কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও প্রশিক্ষিত কুকুর দলকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্তে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র্যাব। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম নজরে এলে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
www.bbcsangbad24.com



