সেপ্টেম্বর,১৯,২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে গজারিয়া ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী ‘নিউ বলেশ্বর’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন আহতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। নিহত ও আহতদের মধ্যে যাত্রী হিসেবে ছিলেন—মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫) ও সাবিহা চৌধুরী (৪৩)। তবে নিহতদের পূর্ণ পরিচয় ও আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
www.bbcsangbad24.com



