মুন্সীগঞ্জে ১৫দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

জুলাই,২৯,২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আজ ২৯ জুলাই ২০২৬ (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ,কে,এম, ইরাদত এবং ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিজ শারমীন আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নার্সারি মালিক সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বেলুন উড্ডয়নের মাধ্যমে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অতিথিরা মেলার বিভিন্ন বৃক্ষ স্টল পরিদর্শন করেন। পরে একই প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কেবল পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নয়; এটি একটি সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন। তাঁদের মতে, এ কর্মসূচির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু বৃক্ষরোপণই যথেষ্ট নয়। স্থানীয় ও উপযোগী প্রজাতির সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, নদী-খাল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং গ্রাম ও শহরে সবুজ পরিসর বৃদ্ধি নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির গুরুত্বও তাঁরা তুলে ধরেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *