জানুয়ারী,২২,২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কয়েকজন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ১০ মিনিটে দিঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ। এর আগে একই দিন বেলা ১১টা ৪০ মিনিটে দিঘিরপাড় বাজার থেকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তীতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দিঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে দিঘিরপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, দিঘিরপাড় বিএনপির মিছিল চলাকালীন দুই গ্রুপের সংঘর্ষ বাদে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
www.bbcsangbad24.com



