ফেব্রুয়ারী ,০৫,২০২৬
আবু হানিফ রানা:
আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ ৩ আসনে প্রচারণার মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে।

এবার পোস্টার ও ব্যানার ছাড়াই গণসংযোগ, সভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি, স্বতন্ত্র ও দশ দলীয় জোটসহ অন্যান্য প্রার্থীরা।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ধানের শীষ প্রতীক নিয়ে নিয়মিত গণসংযোগ ও দলীয় সভা করছেন। পাড়া-মহল্লা ও বাজারকেন্দ্রিক প্রচারণার পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তিনি। তার প্রচারণায় ভোটাধিকার, গণতন্ত্র ও জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ ফুটবল প্রতীক নিয়ে এলাকায় জোর প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় সমস্যা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে ভোটারদের কাছে সমর্থন চাইছেন তিনি। বিভিন্ন এলাকায় সরাসরি উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে কথা বলছেন এই প্রার্থী।
এদিকে দশ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী রিকশা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক রাজনীতির কথা তুলে ধরে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে সভা করছেন তিনি।
পোস্টারবিহীন এই নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম, মাইকিং ও সরাসরি গণসংযোগই এখন প্রধান কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে ভোটারদের সঙ্গে প্রার্থীদের সরাসরি যোগাযোগ বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
একজন ভোটার বলেন, “এবার পোস্টার নেই, পরিবেশ পরিষ্কার। প্রার্থীরা নিজেরাই এসে কথা বলছেন, এতে সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে।”
এ আসনের আওতাধীন বিভিন্ন হাট বাজার চায়ের দোকানে দেখা যায় নির্বাচনী হাওয়া বইছে,আবার মাঝে মাঝে দেখা যায় প্রার্থীগন তাদের নিজ নিজ প্রতীকের লিফলেট ভোটারদের হাতে দিয়ে ভোট প্রার্থনা করছেন।
সব মিলিয়ে মুন্সিগঞ্জ ৩ আসনে নির্বাচনী প্রচারণা দিন দিন গতি পাচ্ছে। শেষ পর্যন্ত ভোটের সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে আছেন ভোটাররা।
www.bbcsangbad24.com



