ফেব্রুয়ারী,১৫,২০২৬
বিবিসি সংবাদ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নব নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মুফতি নুর হোসেন নুরানি।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় কামরুজ্জামান রতনের ভাড়া বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান তারা।
এ সময় উভয় নেতা একে অপরকে ফুলের মালা পরিয়ে দেন এবং মিষ্টিমুখ করান।
এ সময় কামরুজ্জামান রতন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুন্সীগঞ্জের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনে জেলার কোথাও তিনি বাধাগ্রস্ত হননি।
তিনি আরও বলেন, ক্ষমতা পেয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেয়ে জনগণের সেবা করাই তার লক্ষ্য এবং দায়িত্ব পালনকালে যেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ না ওঠে, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।

তিনি ঘোষণা দেন, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করবেন না এবং মুন্সীগঞ্জবাসীর ভালোবাসার প্রতিদান উন্নয়নমূলক কাজের মাধ্যমে দিতে চান। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে নুর হোসেন নুরানি তার বক্তব্যে বলেন, এখন কথা বলার সময় নয়, কাজ করার সময়। তিনি চাঁদাবাজি ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, জনগণের উন্নয়নই এখন সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি তিনি ভালো কাজে সহযোগিতা ও অন্যায় থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমেদ, মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম শহীদ, রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন পুস্তি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদর উপজেলা প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলীমসহ ১১ দলীয় জোট, খেলাফত মজলিস ও বিএনপির নেতাকর্মীরা।
কৌশল বিনিময় শেষে মুন্সীগঞ্জের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
www.bbcsangbad24.com



