জুলাই, ২০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬ (সোমবার) মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান মহোদয় এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জে জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তাঁরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টসমূহ নিবিড়ভাবে পরিদর্শন করেন। ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন স্থানে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। পাশাপাশি তাঁরা ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের দুর্ভোগ, নিরাপত্তা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। তাঁরা আশ্বস্ত করেন যে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
www.bbcsangbad24.com



