মুন্সীগঞ্জ শহরে অটো রিকশা-মিশুক চলাচল নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

সেপ্টেম্বর, ১৫,২০২৬

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২:০০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরে অটো রিকশা-মিশুক চলাচল, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে অটো রিকশা-মিশুক মালিক-চালক সমিতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।

সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; প্রশাসক, জেলা পরিষদ, এ. কে. এম. ইরাদত; উপপরিচালক, স্থানীয় সরকার, মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ অটো রিকশা-মিশুক মালিক-চালক সমিতির সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মুন্সীগঞ্জ পৌরসভার সড়কের ধারণক্ষমতার তুলনায় অটো রিকশা ও মিশুকের সংখ্যা বেশি হওয়ায় শহরে যানজট ও জনদুর্ভোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি যত্রতত্র পার্কিংয়ের কারণে সড়কে চলাচল আরও বিঘ্নিত হচ্ছে। শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটো রিকশা-মিশুকের সংখ্যা ও চলাচল ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, মুন্সীগঞ্জ পৌরসভা কর্তৃক অটো রিকশা-মিশুকের সংখ্যা সীমিতকরণ ও চলাচল নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট মালিক-চালক সমিতিসহ বিভিন্ন পক্ষের অসহযোগিতার কারণে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ বিষয়ে ভবিষ্যতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।

এছাড়া অটো রিকশা-মিশুককে লাইসেন্সিংয়ের আওতায় আনার লক্ষ্যে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে সভায় জানানো হয়। নীতিমালা প্রকাশের পর সংশ্লিষ্ট সকলকে তা যথাযথভাবে অনুসরণ করে আইন ও বিধিবিধানের আওতায় আসতে হবে।

সভায় অটো রিকশা-মিশুকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও আলোচনা হয়। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে মালিক-চালক সমিতিগুলো নিজেদের মধ্যে আলোচনা করে মুন্সীগঞ্জ পৌরসভার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি যৌক্তিক ও নির্ধারিত ভাড়া কাঠামো প্রণয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সতর্ক করা হয়।

মুন্সীগঞ্জ শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রশাসন, পুলিশ, পৌরসভা, অটো রিকশা-মিশুক মালিক-চালক এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *