সেপ্টেম্বর,১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) জেলা পর্যায়ে “৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মুন্সীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, পিপিএম; জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সাঁতার, কাবাডি, হ্যান্ডবল ও দাবা—বালক ও বালিকা উভয় বিভাগে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে এসব ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা পর্যায়ে হ্যান্ডবল (বালক) বিভাগে কাজীর পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশন, লৌহজং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হ্যান্ডবল (বালিকা) বিভাগে বালিগাঁও উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। কাবাডি (বালক) বিভাগে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং কাবাডি (বালিকা) বিভাগে বালিগাঁও উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ, কর্মঠ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে অঞ্চল ও জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের শিক্ষার্থীরা আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
www.bbcsangbad24.com



