মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর জেনারেল হাসপাতালে ২,৫০০ এনএস১ অ্যান্টিজেন কিট হস্তান্তর

সেপ্টেম্বর,১৬, ২০২৬

এস এম. রেদোয়ান :

ডেঙ্গু রোগের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনরায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২,৫০০টি এনএস১ অ্যান্টিজেন টেস্ট কিট হস্তান্তর করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যা ৭:০০টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অনুকূলে এসব কিট হস্তান্তর করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা। সদর উপজেলা নির্বাহী অফিসারের অর্থায়নে ক্রয়কৃত ২,৫০০টি এনএস১ অ্যান্টিজেন কিট হাসপাতালের পক্ষে গ্রহণ করেন জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) এ.কে.এম. মাহমুদুল হক।

উল্লেখ্য, ডেঙ্গু সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা একটি কার্যকর পরীক্ষাপদ্ধতি। সাধারণত জ্বর শুরুর প্রথম কয়েক দিনের মধ্যে রক্তে ডেঙ্গু ভাইরাসের এনএস১ অ্যান্টিজেন শনাক্ত করা যায় এবং দ্রুত পরীক্ষার মাধ্যমে চিকিৎসকদের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। নতুন করে ২,৫০০টি কিট সরবরাহের ফলে ডেঙ্গু রোগীর দ্রুত শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসাসেবা প্রদানে হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

এর আগে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখেও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম মোস্তফার অর্থায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২,৫০০টি এনএস১ অ্যান্টিজেন কিট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়েছিল।

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *