সার ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে কঠোর নজরদারির নির্দেশনা: মুন্সীগঞ্জে স্বাস্থ্য মন্ত্রী

সেপ্টেম্বর, ২২,২০২৬

আবু হানিফ রানা :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি মুন্সীগঞ্জ সফরে এসে সংসদ সদস্য ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আন্তঃবিভাগীয় সমন্বয় বৃদ্ধির মাধ্যমে জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা, জনভোগান্তি নিরসন, সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, উদ্ভূত সমস্যা দ্রুত সমাধান এবং সরকারের অগ্রাধিকার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সার ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে কঠোর নজরদারির নির্দেশনা দেন।

আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জ জেলা সফর করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী । এসময় মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি। এ উপলক্ষে বেলা ১২:টার সময় মুন্সীগঞ্জ-জেলা প্রশাসকের কার্যালয়, এর সম্মেলন কক্ষে সংসদ সদস্য ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; সিভিল সার্জন ডা. সাজেদা বেগম; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার; উপপরিচালক, স্থানীয় সরকার মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেনসহ জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও অফিসার ইনচার্জবৃন্দ।

সভায় প্রধান অতিথি আন্তঃবিভাগীয় সমন্বয় বৃদ্ধির মাধ্যমে জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা, জনভোগান্তি নিরসন, সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, উদ্ভূত সমস্যা দ্রুত সমাধান এবং সরকারের অগ্রাধিকার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সার ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে কঠোর নজরদারির নির্দেশনা দেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি মাদক, জুয়া ও অনলাইন জুয়া, চোরাচালান, খাদ্যে ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা, মব ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিরোধ, গুজব প্রতিহতকরণ, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সিসিটিভির আওতা সম্প্রসারণের নির্দেশনা দেন। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উন্নয়ন কার্যক্রমে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্প গ্রহণ, প্রকল্পের দ্বৈততা বা ডুপ্লিকেশন পরিহার, বাস্তবায়ন কার্যক্রমে কঠোর মনিটরিং এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্বাস্থ্যসেবা বিষয়ে প্রধান অতিথি জানান, উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এবং ওয়ার্ড পর্যায়ে হেলথ ওয়েলবিং হাব গড়ে তোলার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। তিনি হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইনটেন্সিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের কথা সভায় জানানো হয়। এছাড়া হাম ও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কীট মজুদ থাকার বিষয়েও সভায় অবহিত করা হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *