সেপ্টেম্বর,২৮,২০২৬
নিজস্ব প্রতিবেদক
:
পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জ, ঢাকার উপমহাপরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গনি, বিভিএম, পিভিএমএস।
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত কর্মসূচির শুরুতে প্রধান অতিথি জেলা কার্যালয় প্রাঙ্গণে একটি তালগাছের চারা রোপণ করেন। পরে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় একযোগে মোট ৪০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
পরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
একইসঙ্গে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় একযোগে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা পর্যায়ে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা বৃক্ষরোপণ, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
এ সময় প্রধান অতিথির সঙ্গে মুন্সীগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোহাঃ কামরুল ইসলাম, আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারী এবং ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
www.bbcsangbad24.com



