ঢাকা বিভাগীয় কমিশনারের মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন

সেপ্টেম্বর,২৮,২০২৬

আবু হানিফ রানা:

গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা দিনব্যাপী মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে সকাল ০৯.০০টায় তিনি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। তিনি দপ্তরের নথিপত্র ও রেজিস্টার পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সকাল ১০.০০টায় তিনি শ্রীনগর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং অফিস প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি দপ্তরের রেজিস্টারসমূহ যাচাই এবং সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ১১.০০টায় তিনি জমিদার যদুনাথ রায়ের বাড়ি ও বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করে বিভিন্ন পুরাকীর্তি ঘুরে দেখেন।

বেলা ১২.০০টায় ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে তিনি নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারী নেতৃত্বের উদাহরণ অনুসরণ করে শিক্ষার্থীদের সুস্পষ্ট ও দৃঢ় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে বেলা ০১.০০টায় তিনি ভাগ্যকূল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। বেলা ০২.০০টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে তিনি আড়িয়ল বিল পরিদর্শন করেন এবং মুন্সীগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

বেলা ০৩.৩০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন। একইসঙ্গে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং শিক্ষার্থীদের জন্য নতুন বেঞ্চ উপহার প্রদান করেন।

বিকাল ০৫.৩০টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় তিনি আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার জনসেবার মানোন্নয়ন, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে সরকারি সেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *