মুন্সীগঞ্জে ৩ দফা দাবিতে এলজিইডি ঠিকাদারদের টেন্ডার বয়কটের ঘোষণা

নভেম্বর,১১,২০২৬

 

বিবিসি সংবাদ ডেস্ক:

 

বিটুমিনের তীব্র সংকট নিরসন, নির্মাণসামগ্রীর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রেট শিডিউল সংশোধন এবং বিকল্প হিসেবে ইউনি-ব্লক প্রযুক্তিতে সড়ক নির্মাণের অনুমোদনসহ তিন দফা দাবিতে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন এলজিইডির ঠিকাদাররা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জ জেলা এলজিইডি কার্যালয়ের হলরুমে ‘এলজিইডি সকল শ্রেণীর ঠিকাদারবৃন্দ, মুন্সীগঞ্জ’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার প্রথম শ্রেণির ঠিকাদার,শেখ মোহাম্মদ ইমন,মোঃ মনির হোসেন,মোঃ শহিদুল ইসলাম কাজল,ছানূ আহমেদ সোহেল,মোঃ নয়ন,মোঃ হাবিবুর রহমান সুমন,মোঃ রাসেল রাজু,মোঃ আশরাফ উদ্দিন পনি,মোঃ নূরুল আমিন,মোঃ রাজন,মোঃ তুহিন,মোঃ মিজানুর রহমান, মোঃ জাহিদ শাহারী মেহেদী।

সংবাদ সম্মেলনে ঠিকাদাররা জানান, বৈশ্বিক অস্থিরতা ও চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিটুমিনের সরবরাহে সংকট দেখা দিয়েছে। এতে সড়ক নির্মাণ ও সংস্কারকাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে বর্তমান রেট শিডিউল অনুযায়ী উন্নয়নকাজ বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে বিটুমিনাস সড়কের বিকল্প হিসেবে উপযুক্ত ক্ষেত্রে ইউনি-ব্লক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণের অনুমোদন দাবি করেন তারা। একই সঙ্গে চলমান প্রকল্পের প্রয়োজনীয় রিভাইজ বা রিকাস্ট এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এলজিইডির রেট শিডিউল দ্রুত সংশোধনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—উপযুক্ত ক্ষেত্রে বিটুমিনাস সড়কের পরিবর্তে ইউনি-ব্লক দিয়ে সড়ক নির্মাণের অনুমোদন, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এলজিইডির রেট শিডিউল সংশোধন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নতুন সব টেন্ডার কার্যক্রম বয়কট।

ঠিকাদাররা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নতুন দরপত্রে অংশ নেবেন না তারা।
সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ এলজিইডির বিভিন্ন শ্রেণির ঠিকাদার এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ঠিকাদারগন বলেন,আমাদের ৩ দফা দাবী পুরণ না হওয়া পর্যন্ত তারা সকল কার্যক্রম বয়কট করার ঘোষণা দেন।

www.bbcsangbad.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *