নভেম্বর,১১,২০২৬
বিবিসি সংবাদ ডেস্ক:
১০ নভেম্বর (মঙ্গলবার) ৪৩ নং নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফী মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার মিজ উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সমাবেশে জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি অভিভাবকদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিদ্যালয়ের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ এবং খেলার মাঠের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি তিনি জানান, ইতোমধ্যে জেলার শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং অত্র বিদ্যালয়ের বিদ্যমান প্রধান শিক্ষক সংকটও দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে তাঁদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। জেলা প্রশাসক মহোদয় শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। একটি শিশুর পরিপূর্ণ বিকাশে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়া, তাদের নিয়মিত খোঁজখবর রাখা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
www.bbcsangbad24.com



