জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক নারী আটক

মার্চ ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাহমিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

আটক তাহমিনা আক্তার রাজধানীর লালবাগ এলাকার সৌদি প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগের একজন কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী তাঁর তিন মেয়েকে নিয়ে আওয়ামী লীগের ব্যানারসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাঁকে আটকে দেয়।

আটক হওয়ার সময় তাহমিনা আক্তার প্রশ্ন করেন, “জয় বাংলা স্লোগান দিয়ে শ্রদ্ধা জানানো কি অপরাধ? বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করেন নাই? আমি আওয়ামী লীগের কর্মী হিসেবেই এখানে এসেছি।”

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার নিয়ে ওই নারী স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি বিবেচনায় তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এই মুহূর্তে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে বিষয়টির অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *