পুলিশকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ১০, ২০২৬

বিবিসি সংবাদ ডেস্ক:

পুলিশ বাহিনীকে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নে চট্টগ্রামে মেজর জিয়ার বিদ্রোহ এবং ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের প্রতিরোধ মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশের আত্মত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মার্চে উত্তাল পরিস্থিতির মধ্যে সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্রিত করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কৌশল কী ছিল, সেটি এখনো গবেষণার বিষয় হতে পারে।

পুলিশ সদস্যদের প্যারেডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মমর্যাদার প্রতিফলন।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের ভোটে গঠিত বর্তমান সরকার মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। আর সেই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পুলিশ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে— এটাই সরকারের প্রত্যাশা।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। একইভাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের পুলিশ সদস্যরা সুনামের সঙ্গে কাজ করছেন।

তারেক রহমানের মতে, বিদেশে যেমন দক্ষতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ পুলিশ, তেমনি দেশের মানুষের সঙ্গেও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

www.bbcsangbad24.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *