আগস্ট,১৬,২০২৬
আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর ও এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) রাত ২টার দিকে পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা রেহেনা আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন—বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) এবং একই এলাকার ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)।
ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, প্রায় ২৬ দিন আগে কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়।
পরিবারের অভিযোগ, ঘটনার পর ইউপি সদস্য আব্দুল মুমিন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং আলামত নষ্ট করেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয় বলে জানান ভুক্তভোগীর মা।
ভুক্তভোগীর মা রেহেনা আক্তার বলেন, ঘটনার পর বিষয়টি সমাধানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল। কিন্তু সমাধান না হওয়ায় ১৬ আগস্ট রাতে থানায় মামলা দায়ের করেছি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেছেন। মামলার পর শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশ।
www.bbcsangbad24.com



